medivoicebd.com · 28 June 2026
বিদেশে চিকিৎসা ব্যয় নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা - medivoicebd.com

মেডিভয়েস রিপোর্ট: বিদেশে চিকিৎসা বাবদ সরকারি অর্থ ব্যয়ের বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও বিতর্কের নিয়ে মুখ খুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেছেন, তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় বিদ্যমান আইন ও সরকারি বিধি অনুসরণ করেই পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে প্রকাশিত কিছু সংবাদে বিভ্রান্তিকর উপস্থাপনার কারণে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
আজ রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে ধর্ম উপদেষ্টা বলেন, ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট, ১৯৭৩’ অনুযায়ী মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের দেশ বা বিদেশে চিকিৎসা ব্যয় সরকার বহন করে থাকে।
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সুপারিশ, সরকার প্রধানের অনুমোদন এবং চিকিৎসা শেষে বিল-ভাউচার জমা দেওয়ার নির্ধারিত প্রক্রিয়া রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে জটিল হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। দায়িত্ব পালনকালে হৃদস্পন্দনের অনিয়ম ধরা পড়লে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকদের বোর্ড তাকে ‘ক্যাথেটার অ্যাবলেশন’ নামের একটি জটিল অস্ত্রোপচারের পরামর্শ দেয়।
তবে প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশে না থাকায় থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতাল এবং আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসার সুপারিশ করা হয়।
আ ফ ম খালিদ হোসেন বলেন, থাইল্যান্ডে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষার জন্য প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তীতে গত জানুয়ারিতে বামরুনগ্রাড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়, যেখানে প্রায় ৬৫ লাখ টাকা বিল পরিশোধ করা হয়।
চিকিৎসা সংক্রান্ত সব বিল, ভাউচার ও প্রয়োজনীয় নথি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
First published in medivoicebd.com. View the original page
