Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Daily Inqilab · 26 June 2026

যারা চোর তারা কোনদিন দেশপ্রেমিক নয়: সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন - দৈনিক ইনকিলাব

চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত এক সীরাত কনফারেন্সে অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা চোর তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। সৎ ও দেশপ্রেমিক মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে দেশের চেহারা পরিবর্তনে বেশি সময় লাগবে না।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট সদরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা (সমন্বিত শাখা) আয়োজিত সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার “অসুস্থ প্রতিযোগিতা” দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, দেশে আর যেন কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দুর্নীতিবাজদের কখনোই প্রকৃত দেশপ্রেমিক বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ইনশাল্লাহ আমাদের এদেশে বিপ্লব আসবেই। আমরা হয়তো দুনিয়ায় থাকবো না, আপনারা তা দেখবেন। আমরা এই সমাজকে বদলে ফেলব। আমরা খোলাফায়ে রাশেদ্বীনের আদলে একটি কল্যাণ রাষ্ট্র, আধুনিক উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখি। এজন্য শুধু কাঠামোগত পরিবর্তন নয়, ভিতর থেকে আদর্শিকভাবে সমাজকে গড়ে তুলতে হবে - ভিতরে ভিতরে সেটআপ করে কিছু হবে না। প্রথমে ছাত্রদের ক্যারিয়ার গঠন করতে হবে, এরপর সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যকে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা যেখানে থাকি না কেন, আমরা ইসলামী আন্দোলনের কর্মী। একজন সৈনিক সবসময়ই সৈনিক—যুদ্ধ হোক বা না হোক, আমরা ময়দানে থাকবো, প্রশিক্ষণ নেবো। সবাই প্রস্তুতি নিন, তৈরি থাকুন, ইনশাল্লাহ সবাই এগিয়ে আসবে।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ–এর সেক্রেটারি সুলতান আহমদ। সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আমান উল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা খালেদ সোলতানী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, সহসভাপতি মাওলানা সালাহ উদ্দিন দৌলতপুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাওলানা মামুনুল হক সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ইমাম উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি থানা শাখার সভাপতি মাওলানা শওকত আলী আ'জমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর সদর থানা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ দিদু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর উত্তর থানা শাখার সভাপতি মাওলানা নেয়ামত উল্লাহ।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ড. হারুন আজিজী নদভী, মুফতি মুফিজুর রহমান চাটগামী, আল্লামা ড. নোমান আল আজহারী, মুফতি ওসমান, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান এবং ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এন এম রহমতুল্লাহ।

আলোচকরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলরব, নবজাগরণ ও স্বপ্নসুর শিল্পীগোষ্ঠীর নাশীদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

First published in Daily Inqilab. View the original page