Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Naya Diganta · 2 March 2026

অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়াম ও তাকওয়ার চর্চা অপরিহার্য : সাবেক ধর্ম উপদেষ্টা - Daily Naya Diganta

বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে ‘অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ রমাদান সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মসজিদ মিশন কমপ্লেক্সের তৃতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মোক্ষম সময়। সিয়াম কেবল উপবাস থাকা নয়, বরং এটি মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটায়। যার অন্তরে আল্লাহর ভয় (তাকওয়া) থাকে, সে যেমন ইবাদতে ত্রুটি করে না, তেমনি কোনো অপরাধেও জড়াতে পারে না। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে তাকওয়ার যথাযথ চর্চা করা গেলে সমাজ থেকে অন্যায়, জুলুম ও অপরাধ দূর করা সম্ভব। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো: নিজাম উদ্দীন। তিনি পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে সিয়ামের সামাজিক ও মনস্তাত্ত্বিক গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে সুন্দর সমাজ বিনির্মাণে ইমাম ও খতিবদের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন এবং যেকোনো সামাজিক সঙ্কট দূরীকরণে তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা আহমাদ আলী কাসেমী ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী ও খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। বিশিষ্ট গবেষক প্রফেসর ড. হেদায়েত উল্লাহ, ড. আব্দুল কাইউম আযহারীসহ বিভিন্ন জেলা থেকে আগত মিশনের প্রতিনিধি ও বরেণ্য শিক্ষাবিদরা। সেমিনার শেষে উপস্থিত ইমাম-খতিব ও সুধীবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

First published in Naya Diganta. View the original page