Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

bssnews.net · 10 December 2025

মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে: ধর্ম উপদেষ্টা | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) - Bangladesh Sangbad Sangstha (BSS)

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে ধর্মীয় আবহে মানুষের মাঝে ইবাদতের প্রবণতা বৃদ্ধি পাবে, আর এভাবে সচ্চরিত্রবান মানুষ তৈরি হবে।

আজ বুধবার সকালে নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের সংখ্যা যত বৃদ্ধি পাবে, মুসল্লীর সংখ্যাও তত বাড়বে। মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধ প্রবনতাও কমে আসবে, আর এর মধ্য দিয়ে একটি পরিশীলিত ও উন্নত সমাজ গড়ে উঠবে।

মডেল মসজিদ পরিচালনায় জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরও বলেন, ‘এই মসজিদ আপনাদের। সরকার কেবল এটি তৈরি করে দিয়েছে। এ মসজিদ সচল রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, এখানে বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা আছে। এ বিষয়ে আমরা অবগত আছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বসে আমরা এই সংকট নিরসনের চেষ্টা করব।

এ সময় খালিদ হোসেন বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকার এ মসজিদ পরিচালনা করতে চায়। এ মসজিদ পরিচালনার দায়িত্বে জনগণকে সম্পৃক্ত করতে চায়।

মডেল মসজিদ নির্মাণে কোথাও কোথাও কিছু ত্রুটি হয়েছে। কোনো কোনো মসজিদের নির্মাণকাজ মানসম্মত হয়নি এবং কোথাও কোথাও সাইট সিলেকশন ভালো হয়নি।

এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা বলেন, যেখানে ইতোমধ্যে নির্মাণ কাজ চলছে, ১৪ হতে ১৫ কোটি টাকা খরচ হয়ে গেছে, সেগুলো এখন আর বন্ধ করা সম্ভব নয়। তবে নির্মাণ ত্রুটিগুলো সমাধান করা হচ্ছে এবং একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।

First published in bssnews.net. View the original page