Daily Inqilab · 25 December 2025
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের পূর্বশর্ত :ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন - দৈনিক ইনকিলাব

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে উন্নয়ন ও টেকসই সমাজের পূর্বশর্ত হিসেবে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল বুধবার রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)র অডিটোরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা বলেন, স্মরণাতীত কাল হতে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার সবার নিরাপত্তায় বদ্ধপরিকর। তিনি বিভিন্ন ধর্মের মানুষের মাঝে একতা সুসংহত করার জন্য সবার প্রতি অনুরোধ জানান। ধর্ম উপদেষ্টা আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদের উন্নয়নের মূল ¯্রােতধারায় আনতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষা দেয়া হচ্ছে। এ প্রকল্পসমূহকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য তিনি প্রকল্প-সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন। এছাড়া প্রকল্পের অর্থ যাতে যেনতেনভাবে ব্যয় না হয় সে বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
এনএপিডির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে এনএপিডি অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ এবং এনএপিডির উপপরিচালক ও কোর্স পরিচালক আবেদা সুলতানা বক্তৃতা করেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থসামাজিক অবকাঠামো বিভাগ, আইএমইডি, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালকসহ মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দুর্নীতিবিরোধী গণসমাবেশের অনুমতি না দেওয়ায় পুলিশের প্রতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষোভ
কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী :প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
First published in Daily Inqilab. View the original page
