Prothom Alo · 23 November 2025
জাতীয় বেতন স্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার - প্রথম আলো

জাতীয় বেতন স্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দিতে বেসরকারি মসজিদ কমিটিগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ রোববার কুমিল্লা টাউন হল ময়দানে ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান তিনি। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এর মধ্যে ছয়টি মসজিদ ব্যতীত বাকিগুলো বেসরকারিভাবে কমিউনিটি কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এসব মসজিদ কমিটি অনেক সময় ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করে না। আবার কোনো কোনো মসজিদ কমিটি ইমামদের সম্মান দেয়, যৌক্তিক বেতন-ভাতা দেয়, এমনকি অবসরে গেলে প্রণোদনাও দেয়। তিনি এরূপ বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করা হচ্ছে। আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই গেজেট হবে।’
ইমাম-খতিবদের কল্যাণে চলমান বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে খালিদ হোসেন বলেন, সরকার নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের একটি নীতিমালা রয়েছে। সেখানে ইমাম-খতিব ও খাদেমের বেতন অত্যন্ত অপ্রতুল। এ সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়া উপদেষ্টা অসুস্থ, গরিব, দুস্থ ইমাম-খতিবদেরকে সহায়তার আশ্বাস দেন।
ইমাম-খতিবদের উদ্দেশে উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা বিশেষ করে মাদক, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সুরক্ষা, কিশোর গ্যাং প্রভৃতি বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার। অন্যান্যের মধ্যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকি বক্তব্য দেন।
পরে ধর্ম উপদেষ্টা কুমিল্লার লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং মসজিদের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
First published in Prothom Alo. View the original page
