Naya Diganta · 21 October 2025
ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর আহ্বান এনসিপির, ইচিবাচক ধর্ম উপদেষ্টা - Daily Naya Diganta

সারাদেশের উপজেলা মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন বাড়াতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দলটির এই আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে এ তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি লেখেন, ‘সরকারিভাবে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছেন। তাদের বেতন যথাক্রমে- ১৫ হাজার, ১০ হাজার এবং সাড়ে ৭ হাজার টাকা। গতকাল নামাজ শেষে একটি মসজিদে ইমাম সাহেব এসে বললেন- এই বেতনে তাদের চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখানে অন্য কোনো কিছু করার সুযোগ নেই। সেই ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মসজিদেই থাকতে হয়। কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই।’
সারজিস আরো লেখেন, ‘পরবর্তীতে এই বিষয়ে মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে কথা হয়। আমরা এনসিপির পক্ষ থেকে সম্মানিত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের জন্য বেতন আপাতত কিছুটা বাড়িয়ে যথাক্রমে- অন্তত ২০ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার করার আহ্বান জানাই।’
তিনি লিখেছেন, ‘মাননীয় ধর্ম উপদেষ্টা বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক মনে করেন এবং আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এর বাস্তবায়ন দেখতে পাবো।’
সারজিস আলম আরো লেখেন, ‘কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, বাংলাদেশের অনেক মসজিদে অনেক ইমাম এবং মুয়াজ্জিন রয়েছেন, যারা মাসে ৫ হাজার টাকাও বেতন হিসেবে পান না। তাই আমরা এটাও মনে করি, একটি সুষ্ঠু প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের সম্মানিত ইমাম এবং মুয়াজ্জিনদেরকে একটি বেতন কাঠামোতে নিয়ে আসা অত্যন্ত জরুরি।’
First published in Naya Diganta. View the original page
