Dr. A F M Khalid HossainA F M Khalid Hossain

Naya Diganta · 10 August 2025

কিশোরগঞ্জের পাগলা মসজিদে আধুনিক কমপ্লেক্স নির্মাণ করা হবে : ধর্ম উপদেষ্টা - Daily Naya Diganta

বর্তমানে এ মসজিদের তহবিলে ৯০ কোটি টাকার বেশি জমা আছে। এ ফান্ড থেকে তুরস্কের স্থাপত্যশৈলিতে পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে নির্মাণ করা হবে আধুনিক ইসলামিক কমপ্লেক্স। এ কমপ্লেক্স নির্মাণে ৬০ কোটি টাকা ব্যয় করা হবে।

আজ রোববার সকালে কিশোরগঞ্জের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন একথা বলেন।

তিনি বলেন, পাগলা মসজিদ বাংলাদেশের ঐতিহাসিক একটি মসজিদ। এটি পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এ মসজিদ পরিদর্শনে আসেন। এ মসজিদে আল্লাহর জন্য মানত, দান, সদকা করে থাকেন। বর্তমানে এ মসজিদের তহবিলে ৯০ কোটি টাকার বেশি জমা আছে। এ ফান্ড থেকে তুরস্কের স্থাপত্যশৈলিতে পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। ১০তলা বিশিষ্ট এ কমপ্লেক্সে মাদরাসা, এতিমখানা, লাইব্রেরি, মিলনায়তন ও অতিথিশালার ব্যবস্থা থাকবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, প্রত্যহ এ মসজিদে মানুষ মানত, দান, সদকা হিসেবে গরু, ছাগল, হাঁস, মুরগীসহ বিভিন্ন দ্রব্যাদি দিয়ে থাকেন। এগুলো দিন শেষে নিলামে বিক্রয় করা হয়। এই নিলাম প্রক্রিয়াকে ঘিরে একটি চক্র সক্রিয় আছে, যার ফলে নায্যমূল্যে এগুলো বিক্রয় করা সম্ভব হয় না। এজন্য প্রাত্যহিক নিলাম প্রক্রিয়াকরণের জন্য একটি সাব-কমিটি গঠনের জন্য এস্টেট পরিচালনা কমিটিকে পরামর্শ দেয়া হয়েছে।

ড. খালিদ হোসেন বলেন, পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটের তহবিলে জমাকৃত অর্থ হতে যে মুনাফা পাওয়া যায়, সেটা সমাজের অসহায়-দরিদ্র মানুষের সহায়তার জন্য ব্যয় করার জন্য কমিটিকে পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ মানুষ, গরিব শিক্ষার্থী, অনাথ-এতিম, বিধবাদের কল্যাণে মুনাফার টাকা ব্যয় করার সুযোগ আছে।

এসময় ওয়াকফ প্রশাসক নূর আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জামিয়া এমদাদিয়ার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা নির্মাণাধীন কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন।

First published in Naya Diganta. View the original page